২৬। মোলা গুল মোহাম্মদ তিনি গজনী থেকে হজরত শাহ্ গোলাম আলী র. এর খেদমতে হাজির হয়ে তরিকার নেসবত হাসিল করেন এবং এজাযত পেয়ে ধন্য হন। বেলায়তের নেসবতধারী লোকদের অনেক উপকার সাধন করেন। তাদের মধ্যে কয়েকজনকে এজাযত প্রদান করেন। তিনি হজ্বব্রত পালনে গিয়ে সেখানে ইনতেকাল করেন। ২৭। মৌলভী হিবাতি ওরফে মৌলভী জান মোহাম্মদ তিনি হজরত শাহ্ গোলাম আলী র. থেকে ফয়েজ হাসিল করে খেলাফত লাভ করেছিলেন। লোকেরা তার অনেক কারামতের কথা বর্ণনা করেছে। কান্দাহারের হাজার হাজার লোককে তিনি হেদায়েত করেছিলেন। ২৮। মাওলানা মোহাম্মদ আজীম মাওলানা মোহাম্মদ আজীম এক বিস্ময়কর মার্জিত চরিত্রের ব্যক্তি ছিলেন। সৎগুণাবলী তাঁর জন্মগত বৈশিষ্ট্য ছিলো। হজরত শাহ্ গোলাম আলী র. এর কাছ থেকে এজাযত প্রাপ্ত হয়েছিলেন। তিনি তাঁর পীর মোর্শেদের ইনতেকালের পর হারামাইন শরীফাইন চলে যান এবং সেখানেই ইনতেকাল করেন। ২৯। মৌলভী নূর মোহাম্মদ তিনি বহু রিয়াজত ও সাধনা করার পর হজরত শাহ্ গোলাম আলী র. এর খেদমতে হাজির হয়ে বায়াত গ্রহণ করেন। জিকির, শোগল ও মোরাকাবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং তরিকার এজাযত লাভ করেন। হজরত শাহ্ গোলাম আলী র. বলতেন, চার ব্যক্তি আমার খান্দানের মধ্যে গৌরবান্বিত― মৌলভী শের মোহাম্মদ, মৌলভী মোহাম্মদ জান, মৌলভী মোহাম্মদ আজীম এবং মৌলভী নূর মোহাম্মদ। এই চার জনই এক পেয়ালা থেকে পানকারী, এক পেয়ালা গ্রহণকারী এবং এ চারজনই অভিজ্ঞ আলেম।
৩০। মির্জা মুরাদ বেগ পূর্ণ যোহদ এর অধিকারী হওয়ার কারণে হজরত শাহ্ গোলাম আলী র. তাঁকে ওই সময়ের জুনায়েদ বলে ডাকতেন। তাঁর নেসবত ছিলো খুব মজবুত। লোকেরা তাঁর কাছ থেকে অনেক উন্নত হাল লাভ করেছিলো। তিনি হজরতের কাছ থেকে এজাযত প্রাপ্ত হয়েছিলেন। তিনি তাঁর পীর মোর্শেদের জীবদ্দশায়ই ইনতেকাল করেছিলেন। মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর পায়ের কাছে তাঁকে দাফন করা হয়।