খুবী ও শেকেল ও শামায়েলে হারাকাত ও সাকানাত আঁচে খুঁবা হামা দারান্দ তু তানহা দারী। অর্থঃ খাসিয়াত, অভ্যাস, সুরত ও সীরতের সৌন্দর্য, যা অন্য প্রিয়জনদের মধ্যে পাওয়া যায়, তোমার মধ্যে তা সন্নিবেশিত হোক। সুবহানাল্লাহ্! আলোচনা কোথা থেকে কোথায় চলে গিয়েছে। এখন মূল আলোচনায় ফিরে আসছি। শাহ গোলাম আলী দেহলভীর তবীয়ত এতো নাজুক ছিলো যে, কেউ দূরে কোথাও তামাকের ধোঁয়া ছাড়লে তিনি নারাজ হয়ে যেতেন। ঘরের মধ্যে আগরের ধোঁয়া দিতেন এবং বলতেন, আফগাণীরা আমাদের মসজিদকে ছাইদানী বানিয়ে ফেলেছে। আমি (আবদুল গনী ) কোনো কোনো লোকের কাছ থেকে শুনেছি, তাঁর ঘর থেকে হঠাৎ কখনও কখনও খোশবু বের হতো। তিনি লোকদেরকে বাইরে বের করে দিতেন। কেনোনা তখন হজরত রসুল পাক স. এবং অন্যান্য পীরানে কেরামের রূহের আবির্ভাব ঘটতো। একবার আমার এক পার্শ্ব বোধশক্তিহীন হয়ে গেলো। আমি হজরত মোজাদ্দেদ র.এর রূহের কাছে সাহায্য চাইলাম। দেখলাম তাঁর সুরত (পবিত্র চেহারা) শূন্যে ভাসছে। সঙ্গে সঙ্গে আমার সমস্ত ব্যাধি দূর হয়ে গেলো। তিনি (শাহ গোলাম আলী) বলতেন, চিশতিয়া তরিকার আকাবেরগণের হালকার মহব্বতের প্রেরণা ও সেমা দ্বারা সালেকের অন্তরে রঙ-বেরঙের শওক পয়দা হতো এবং সে শওক বন্ধুর চেহারা থেকে পর্দা উন্মোচিত করে দিতো। আমাদের নকশ্বন্দিয়া তরিকার হালকায়ও মহব্বতের জোশ পয়দা হয়। কিন্তু সালেকগণের কলবে হাদিস ও ওজীফার প্রেরণা দান করে। হজরত গোলাম আলী যখন রসুলেপাক স. এর পবিত্র নাম মুখে উচ্চারণ করতেন তখন আহ্ উহ্ করতে করতে দুই হাত উপরে ওঠাতেন। আবার কখনও কখনও দু'হাত মেলে দিয়ে আবার একত্রে মিলাতেন। মনে হতো যেনো তিনি কাউকে বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছেন। যেমন মাওলানা রুমী বলেছেন- মুসিয়া আদাব দানাঁ দীগারান্দ সুখতায়ে জান ও রওয়ানাঁ দীগারান্দ অর্থঃ হে মুসা! সালেকদের আদব এক রকম, আর মজযুবদের আদব অন্য রকম।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।