আল্লাহ্র শোকর যে, এ বান্দা (মির্জা মাযহার) অবৈধ সেমা থেকে তওবা এবং বৈধ সেমাকে বর্জন করতে পেরেছে। সেমার বৈধতা বা অবৈধতার বিশ্বাসের ক্ষেত্রে এ বান্দা কিতাব ও সুন্নতের অনুসরণকারী। এ বিষয়ে আত্মিক স্বাদ এবং প্রাপ্তির বিষয়ে কিতাব ও সুন্নতের অধিক কিছু করার প্রয়োজন নেই। সেমা বিষয়ক কিতাবসমূহে এমন কিছু বর্ণনা ও বিশুদ্ধ হাল পাওয়া যায় যে, অনেক উচ্চ মাকামের বুজুর্গগণও বৈধ সেমার মধ্যে নিজের জীবন বিসর্জন দিয়ে গেছেন। সুতরাং যে সকল আলেম সুফিয়ানে কেরামের আস্বাদপ্রবণতা সম্পর্কে অবগত, যাঁদের সুস্থ ও নিরাপদ বিবেকবোধ এবং রুচিবোধ আছে, তাঁরা এ লেখার মূল্যায়ন করতে পারবেন ৩২ খাইরুল কালামে কাল্লামা দাল্লা। উত্তম কথা যা সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য। ওয়াস্ সালাম।
মকতুব―13 জবর ও এখতিয়ারের মাসআলা মান্যবরেষু! জবর ও এখতিয়ার অর্থাৎ মানুষ তার কাজ করতে মজবুর (বাধ্য) নাকি তার কর্মের স্বাধীনতা আছে― এ বিষয়টি নিয়ে আলেমগণ বহু কিছু বলেছেন। কিন্তু আমার অন্তর এখনও শান্তি পায়নি। কেনোনা ধর্মীয় এমন কিছু বিষয়াদি আছে, যা বুঝবার জন্য কেবল আকল যথেষ্ট নয়। যদি তাই হতো তাহলে বান্দাদের সংশোধনের জন্য ওহী প্রেরণ করার প্রয়োজন পড়তো না। জেনে রাখা উচিত, মানুষের স্বতন্ত্র কর্মস্বাধীনতা এবং নিছক মজবুর হওয়ার দাবী কিতাব ও সুন্নতকে অস্বীকার করাকে অবধারিত করে। বান্দার সত্তার মতো তার আমলও কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ্তায়ালার মাখলুক (সৃষ্ট)। সুতরাং পরিপূর্ণ কর্মস্বাধীনতা কোথায়? আর বান্দা যদি মজবুর হয়, তবে তাকে তার কাজের জন্য ধরপাকড় করা নিছক জুলুম। আকল ও শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ্তায়ালা থেকে জুলুম প্রকাশ পাওয়া সম্ভব নয়। সুতরাং বান্দা মজবুরই বা হবে কেনো? এটা প্রকাশ্য কথা যে, আমাদের কার্যাবলী বস্তুর হারাকাত (গতিবিধি) এর মতো করে প্রকম্পিত হয় না। বরং কাজগুলো এলেম ও এরাদা (জ্ঞান ও ইচ্ছাশক্তির) মাধ্যমে চলে। সুতরাং বান্দার ইচ্ছা এবং শক্তি প্রয়োগ করাকেই বান্দার এখতিয়ার বলা হয়ে থাকে। কিন্তু এ তিনটি জিনিস প্রকাশ পাওয়া আমাদের এখতিয়ারভুক্ত নয়। আল্লাহতায়ালা যখনই চান তা বান্দাদেরকে দান করেন। আর এটিই হচ্ছে জবর এবং বাধ্যতামূলক কাজের মর্মার্থ। পূর্ণ স্বাধীনতা