এন্ট্রি করি আর এর ফাকে ফাকে চলে আর্মিদের সঙ্গে গল্প; আর্মিদের প্রশ্ন আর আমাদের উত্তর, আবার আমাদের প্রশ্ন আর আর্মিদের আন্তরিক উত্তর। একজনের বাড়ি আবিরদের উপজেলায়, তিনি আবিরের বাবাকে চেনেন। আমার কয়েকবারের পাহাড়ী অভিযানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে পাহাড়ের বাঙালী আর্মি এবং পুলিশ বাঙালীদের সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করে । যেচে কথা বলে আর কথা একবার শুরু করলে শেষ করতে চায় না। বছর কয়েক আগে এই বগা লেকেই একবার স্লানাহার সেরে সন্ধ্যা নামার আগে নাম এন্ট্রি করতে এসেছিলাম, কয়েকজন আর্মি কথা শুরু ক'রে আর শেষ-ই করতে চাইছিলো না। যখন অন্ধকার ঘনিয়ে আসে আর মশা কামড়াতে শুরু করে, তখন অডোমাস মাখার দোহাই দিয়ে উঠতে চাইলে একজন আর্মি পকেট থেকে নতুন অডোমাস বের ক'রে দিয়ে মেখে নিতে বলে । ফেরত দিতে গেলে বলে, “রেখে দিন আপনাদের কাছে, আমাদের অনেক আছে ।' আর একবার থানচির পুলিশ আমাদেরকে একগাদা পেয়ারা দিয়েছিল খাওয়ার জন্য । ঝুড়ি ভরা পেয়ারা, কতো আর খাবে তারা, আজলা ভ'রে ভ'রে দিয়েছিল আমাদের একেকজনের তোয়ালে আর গামছায়! জীবনে অমন আন্তরিক পুলিশ দেখি নি। পাহাড়ের বাঙালী আর্মি আর পুলিশের এই আন্তরিকতার বড় কারণ হলো-দিনের পর দিন পরিবার, বন্ধু-স্বজন ছেড়ে এরা অরণ্যে পণ্ড়ে থাকে; নিজেরা ছাড়া কথা বলার মানুষ তেমন পায় না। একঘেয়ে হয়ে ওঠে এদের জীবন, অরণ্যের নৈঃশব্দ যেন এদের গলা টিপে মারে! একজন আর্মি বলেছিল, “ভাই, সখ ক'রে কেউ এই জায়গায় বেড়াতে আসে! পয়সা খরচ ক'রে এখানে এসে কি যে মজা পান আপনারা! এই বাক্য এমনি এমনি বলে নি সে, বলেছিল দিনের পর দিন একঘেয়ে জীবন-যাপনের অভিজ্ঞতায় । আমরা যেমনি শহরের যান্ত্রিক জীবনে একঘেয়ে হয়ে উঠলে অবকাশ যাপনের জন্য সমুদ্রে-অরণ্যে ছুটি, তেমনি একনাগাড়ে থাকার ফলে এই বিজন অরণ্যও এদের কাছে একঘেয়ে হয়ে ওঠে । মুক্তি পাবার জন্য ছটফট ক'রে এরা । কথা বলার জন্য বুকের ভেতরটা আঁকু-পাকু করে, কথা বলার মানুষ পেলে ছাড়তে চায় না। তবে যে আন্তরিকতাটুকু এরা আমাদের দেখায়, সেটুকু পাহাড়ীদের প্রতি দেখালেই আমরা বেশি খুশি হই । কেননা অধিকাংশ বাঙালী স্বীকার করতে না চাইলেও আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের আর্মিরা পাহাড়ী আদিবাসীদের ওপর নির্মমভাবে নির্যাতন চালায় । সামান্য কারণে আদিবাসীদের মারধর করা, প্রয়োজনো-অপ্রয়োজনে তাদেরকে বাস্তুচ্যুত করা, আদিবাসী নারীদেরকে ধর্ষণ করাসহ অনেক অভিযোগ আমাদের সেনাদের বিরুদ্ধে; যার কোনোটাই ভিত্তিহীন নয়। ২৬১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।