জীবন থেকে নেয়া
আমাদের সময়ে এসে কিতাব পড়ার যোগ্যতা এবং মানসিকতা দুটোই দুঃখজনকভাবে কমে যাচ্ছে। ৮৫ বছর বয়সে সফররত অবস্থায় অসুস্থ শরীর নিয়ে আব্বাকে যখন রোজ তিন-চার ঘণ্টা পড়তে দেখি তখন নিজের এবং নিজের প্রজন্মের প্রতি ঘৃণা ধরে যায়। আজও দেখলাম ফজরের পর তিলাওয়াত, ওযীফা শেষ করে একটি খেজুর খেয়েই আবার ঘুমিয়ে পড়েন। ঠিক নয়টায় ঘুম থেকে উঠে নাস্তা সেরেই কিতাব নিয়ে বসেন। এগারোটায় দু'জন সাক্ষাৎপ্রার্থী এলে কিতাব হাত থেকে রাখেন। বারোটার দিকে ইস্টহাম এলাকায় পূর্ব নির্ধারিত একটি সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ করে সেখানেই একটি ঘরে দুপুরের খাবার পর তিনটার দিকে ঘরে ফিরে আসেন। কাপড় পরিবর্তন করেই কিতাব নিয়ে বসেন। ঘণ্টাখানেক পড়ে কিতাব পাশে নিয়েই ঘুমিয়ে যান। মাত্র আধঘণ্টা ঘুমিয়ে উঠে আবারো কিতাব নিয়ে বসেন। তখন দশম শ্রেণিতে পড়ি। ১৯৮৮ সালের কোন এক সন্ধ্যা। আব্বা ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন,রোজ কয় ঘণ্টা পড়? সেরকম করে তো হিসেব করিনি কখনো। নিরুত্তর দাঁড়িয়ে আছি। বললেন, রোজ কম পক্ষে পাঁচ- ছয় ঘণ্টা যদি না পড়তে পারো তবে নিজেকে ছাত্র পরিচয় দেয়া ঠিক না। সেই সাথে বললেন, কেবল সিলেবাসের বই পড়লে হবে না; সিলেবাসের বাইরেও পড়বে। নিয়মিত পত্র পত্রিকা পড়বে। তবে ছাত্র জীবনে সিলেবাসের বইকে প্রাধান্য দিতে হবে। একবার তাঁর ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, পুরো ছাত্র জীবন রোজ তিন ঘণ্টার বেশি খুব কমই ঘুমিয়েছি। চুরাবইর হুজুর (শায়খুল আল্লামা সাঈদ আলী {১৯০৭-১৯৬৪} রাহিমাহুল্লাহ) মাঝে মধ্যে একান্তে ডেকে নিয়ে বলতেন, ঘুমের পরিমাণ বাড়াও, শরীর নষ্ট করে ফেলবে।