কে এই মতিন উদ্দীন আহমদ প্রখ্যাত রম্য সাহিত্যিক মতিন উদ্দীন আহমদ সিলেটের জকিগনজ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রামে (বড়বাড়ি) ১৯০০ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গিয়াস উদ্দিন চৌধুরী। মাতা মিসবাহুন নেসা। নি:সন্তান চাচা গউস উদ্দিন চৌধুরীর পরিবারে বাল্যকালে তিনি লালিত পালিত হন। চৌধুরী পরিবারের সন্তান মতিন উদ্দীন আহমদ নিজের নামে সাথে চৌধুরী লিখতেন না। গ্রামের পাঠশালায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। ১২ বছর বয়সে করিমগঞ্জ হাইস্কুলে ভর্তি হন। ১৯১৮ সালে এখান থেকে প্রথম বিভাগ এন্ট্রান্স (প্রাবেশিকা) পাশ করেন। ১৯২০ সালে সিলেট এমসি কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯২২ সালে কলকাতা রিপন কলেজ (বর্তমান-সুরেন্দ্র মোহন কলেজ) থেকে বিএ পাশ করেন। ১৯২৬ সালে রিপন ল'কলেজ থেকে বিএল পাশ করেন। সিলেট বার এ আইন ব্যবসা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। কিন্তু অল্প দিনের মধ্যে আসাম প্রাদেশিক সিভিল সার্ভিসে মনোনয়ন পেয়ে আইন ব্যবসা ছেড়ে দেন তিনি। ১৯২৭ সালের ৪ মে গোয়াইনঘাটে সাব ডেপুটি কালেক্টর পদে যোগদান করেন। দীর্ঘ বিশ বছর কোনো পদোন্নতি ছাড়াই আসামের বিভিন্ন অঞ্চলে কাজ করেন। দেশ বিভাগকালীন সময়ে পাকিস্তান সিনিয়র সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৪৭ সালে ১৫ আগস্ট সিলেটের এডিএম (এসিসট্যান্ট ডেপুটি ম্যাজিষ্ট্রেট) নিযুক্ত হন। এডিএম হিসেবে দায়িত্ব পালনকালীন ১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সিলেট মিউনিসিপ্যালিটির (বর্তমান সিটি কর্পোরেশন) সরকার মনোনীত প্রশাসক ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে কাজ করেন। ১৯৫৮ সালের ১ জানুয়ারি রাজস্ব বোর্ডের স্পেশাল অফিসার পদে কর্মরত অবস্থায় সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। বিআইটি গঠিত হলে সরকার তাঁকে উপদেষ্টা নিয়োগ করে। ইতোমধ্যে স্বল্প সময়ের জন্য নারায়ণগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকায় আমেরিকান প্রতিষ্ঠান ফ্রাঙ্কলিন পাবলিকেশন এর সম্পাদকীয় বিভাগে কাজ করেন।
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।