একুশের চেতনা ও একজন মতিন উদ্দীন আহমদ
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিলো মহান ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতির দিন। সে দিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিলো। রক্ত দিয়ে আদায় হয়েছিলো ভাষার দাবি। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব যদিও তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকা কেন্দ্রীক ছিলো, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এর প্রভাব ছিল ব্যাপক। ভাষা আন্দোলনের সূচনা পর্বে সিলেটবাসীর অবদান ছিলো প্রাতঃস্মরণীয়। মতিন উদ্দীন আহমদ (১৯০০-১৯৮০), সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪), জাতীয় অধ্যাপক দার্শনিক দেওয়ান মুহাম্মদ আজরফ (১৯১৯-২০০৬) [তাঁর সম্পাদিত পত্রিকা নওবেলাল] প্রমুখের ভূমিকা পর্যালোচনা করলে এ কথা প্রস্ফুটিত হয়। জকিগন্জবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে, আমাদের কৃতি সন্তান প্রখ্যাত রম্য সাহিত্যিক মতিন উদ্দীন আহমদ ভাষা আন্দোলনের সূচনাপর্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জকিগঞ্জ দেশের প্রথম মুক্তাঞ্চল (জকিগনজ হানাদার মুক্ত হয় ২৩ নবেম্ভর ১৯৭১) হলেও আজ পর্যন্ত যেমন সরকারি স্বীকৃতি মেলেনি, ঠিক তেমনি ভাষা আন্দোলনের রচিত ইতিহাসে মতিন উদ্দীন আহমদ'র আলোচনা চোখে পড়ে না। বর্তমান প্রজন্ম তাঁর জীবন-কর্ম ও অবদান সম্পর্কে বলতে গেলে তেমন কিছুই জানে না।