ইবন আবি হাতিম নামে খ্যাত ইমাম আবু মুহাম্মাদ আবদুর রাহমান ইবন মুহাম্মাদ (২৪০-৩২৭ হিজরি) রাহিমাহুল্লাহ রচিত সুবৃহৎ গ্রন্থ কিতাবুল মারাসিল এর তালখীস বা সংক্ষেপন করেন মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ। তাঁর রচনাবলির তালিকায় এ গ্রন্থের নাম পাওয়া যায়। তবে বিস্তারিত কিছু জানা যায় না।
গ. ফিকহ, উসূলে ফিকহ ও রসমুল ইফতা الفقه واصول الفقه ورسم الإفتاء ১. ফাতাওয়ায়ে বারাকাতিয়া فتاوى برتيه মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতী রাহিমাহুল্লাহ'র অনবদ্য কীর্তি ফাতাওয়ায়ে বারাকাতিয়া। মূলত: উর্দু ভাষায় রচিত হলেও প্রয়োজনের তাগিদে লেখক ব্যাপকভাবে আরবি এবং কিছু কিছু ফারসি কিতাব থেকে উদ্ধৃতি পেশ করেছেন। এ গ্রন্থের রচনাকাল নির্দিষ্ট নয়। কারণ মানুষের প্রয়োজনে জিজ্ঞাসিত হয়ে তিনি যখন যে ফাতাওয়া লিখিতভাবে দিয়েছেন তাই সংকলিত হয়েছে এ গ্রন্থে। প্রাপ্ত তথ্য মতে সাতাশ খণ্ডে সমাপ্ত এ গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা বারো হাজার। ডাবল ডিমাই সুলভ কাগজের উভয় পৃষ্ঠায় লিখিত পাণ্ডুলিপিখানা মুফতি সাহেব নিজ হাতে ফিকহ শাস্ত্রের রীতিতে বিন্যস্ত করেন। মুফতি সাহেব প্রদত্ত ত্রিশ হাজারের অধিক ফাতওয়া এ গ্রন্থে সংকলিত হয়েছে। অনুসন্ধানের পর মুফতি সাহেবের ভাই সায়্যিদ নুমান বারাকাতীর সংরক্ষণে বারো খণ্ড আছে বলে জানা যায়। বাকি খণ্ডগুলো নিখোঁজ। বর্তমান সময় পর্যন্ত এ গ্রন্থ প্রকাশিত হয়নি।