মুহাদ্দিস ছাহেব খ্যাত শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান ১৯৩৪ সালে সিলেটের জকিগন্জ উপজেলার রারাই গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা এলাকার খ্যাতিমান আলিমে দ্বীন মরহুম মাওলানা মুমতায আলী রাহমাতুল্লাহি আলাইহি। মাতা মরহুমা আমিনা খাতুন। শিক্ষাজীবন : তিনি মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেন সড়কের বাজার আহমদিয়া মাদরাসায়। গাছবাড়ী জামিউল উলূম মাদরাসা থেকে ১৯৫৫ সালে আলিম, ১৯৫৭ সালে ফাযিল ও ১৯৫৯ সালে হাদীস বিভাগে কামিল পাশ করেন। প্রতিটি পরীক্ষায় ইস্ট পাকিস্তান মাদরাসা এডুকেশন বোর্ডের মেধা তালিকায় স্থান করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ইলমে কিরাত, ইলমে হাদীস, ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ প্রভৃতিতে তাঁর উস্তাদ শায়খগণের মধ্যে রয়েছেন-শামসুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (১৯১৩-২০০৮), শায়খুল হাদীস আল্লামা সাঈদ আলী (১৯০৭-১৯৬৪), শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক (১৯২৭-২০০১), শায়খুল হাদীস আল্লামা ইদরীস আহমাদ (১৯২৪-২০০৭), শায়খুল হাদীস আল্লামা মুফতি আবদুল গণি (১৯২০-১৯৮৭), শায়খুল হাদীস আল্লামা আবদুল ওয়াহিদ (১৯০৮-১৯৮১), বাহরুল উলূম আল্লামা মুহাম্মাদ হুসাইন (১৮৯০-১৯৭২), মুফতি সায়্যিদ আমীমুল ইহসান মুজাদ্দিদী বারাকাতি (১৯১১-১৯৭৪), মুহাদ্দিসুল হিজায সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ী মালিকী আল মাক্কী (১৯৪০-২০০৪), সুলতানুল উলামা সায়্যিদ সালিম বিন আবদুল্লাহ শাতিরি শাফিঈ ইয়ামনী (১৩৫৯-১৪৩৯ হিজরি) প্রমূখ যুগ বরেণ্য উলামায়ে কিরাম। কর্মজীবন : ১৯৫৯ সালে ইছামতি দারুল উলূম সিনিয়র মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। ১৯৬৩ সালে সৎপুর দারুল হাদিস মাদরাসায় প্রধান মুহাদ্দিস হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে ইছামতি মাদরাসায় অধ্যক্ষ পদে যোগ দান করেন। আরব আমিরাতে : ১৯৭৭ সালে তিনি সংযুক্ত আরব আমিরাতে গমন করেন। প্রথমে উম্মুল কুওয়াইন শহরে একটি মসজিদে ইমাম ও খতীব হিসেবে কাজ করেন। অল্পদিনের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে তিনি সে দেশের বিচার বিভাগে যোগদান করেন। ১৯৮১ সালে দেশে ফিরে আসা পর্যন্ত তিনি উম্মুলকুওয়াইন কোর্টে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। আবারো ইছামতিতে : ১৯৮২ সালে আবারো তিনি ইছামতি মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করেন। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহন করেন। বর্তমানে তিনি ইছামতি মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক এবং গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্ধ শতাব্দিরও অধিককাল ধরে ইলমে হাদীসের খিদমতে নিয়োজিত এ মনীষী অধ্যাপনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কুরআন হাদীসের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশবিদেশে বিভিন্ন মাহফিলে বয়ান পেশ করে আসছেন। দাওয়াতি সফর : বিভিন্ন সময়ে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিরিয়া, মরক্কো, ভারত, সৌদি আরব ও মিশর সফর করেন।
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.