ٕ
কারণ এ বিধান মৌলিকভাবে সেসব দেশের জন্য প্রযোজ্য হবে যেখানে কোনকালেই মুসলমানের অস্তিত্ব ছিলো না। ভারতবর্ষ বৃটিশ শাসনাধীনে দারুল হারব হওয়ার আগে প্রায় আটশ' বছর দারুল ইসলাম ছিলো। এখানে অন্যান্য ক্ষেত্রের ন্যায় ভূমি ক্ষেত্রেও ইসলামী বিধান অর্থাৎ উশর ও খিরাজ আদায়ের নিয়ম বলবৎ ছিলো। যদিও অমুসলমানের শাসন ক্ষমতা দখলের কারণে এদেশ দারুল হারব হয়ে ছিলো। কিন্তু এখানে কোটি কোটি মুসলমান ভূমির মালিক থেকে গিয়েছিলেন। সুতরাং মৌলিক দারুল হারব (অর্থাৎ, যেখানে মুসলমান শাসনের অস্তিত্বই ছিলো না) আর এই দারুল হারবের বিধানের মধ্যে কিছু পার্থক্য থাকাটাই যুক্তির দাবী। এখানে একটি নীতি মনে রাখা দরকার, যেখানেই মুসলমানের মালিকানাধীন ভূমি থাকবে সেখানেই শরীয়তের বিধান কার্যকর হবে। এই উপমহাদেশে ব্রিটিশ সরকার কতৃর্ক জমিদারী প্রথা প্রচলন এবং পরবর্তীতে এ প্রথা উচ্ছেদের কারণে ভূমির শরয়ী বিধান নিয়ে কেউ কেউ সন্দেহের আবর্তে ঘুরপাক খান। মূলতঃ সরকার তখন ভূমির মালিকানা হরণ করেনি বরং ভূমি রাজস্ব আদায়ের সুবিধার্থে একটা নির্দিষ্ট শ্রেণিকে জমিদার তথা ভূমির মালিক বানিয়ে দেয়। আবার 'লাঙ্গল যার জমি তার' নীতির ভিত্তিতে জমিদারী প্রথা উচ্ছেদ করা হয়। তখনো ভূমির মালিকানা লাভ করে কৃষক শ্রেণি। লক্ষণীয় যে, জমিদার এবং কৃষক শ্রেণিতে যেমন অমুসলমান ছিল ঠিক তেমনি (সংখ্যায় কম হলেও) মুসলমানরাও ছিলো। তাই পূর্ব থেকে প্রমাণিত উশরী ভূমি মুসলমানের মালিকানায় থাকলে উশরীই থাকবে। এসব ভূমি থেকে উৎপাদিত ফসলের উশর দিতে হবে। সমায়িকভাবে দেশ দারুল হারব হয়ে গেলেও মুসলিম মালিকানার ভূমির শরয়ী বিধান কার্যকর থাকবে।