কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ২৯. অতপর মুসা যখন (তার চুক্তিবদ্ধ) মেয়াদ পুর্ণ করে নিলো, তখন সপরিবারে (নিজ দেশের দিকে) রওনা করলো, যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেলো, তখন সে তার পরিবারের লোকদের বললো, তোমরা (এখানেই) অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি সেখান থেকে (রাস্তারঘাট সম্পর্কিত) কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারবো, আর তা না হলে (কমপক্ষে) জ্বলন্ত আগুনের কিছু টুকরো তো নিয়ে আসতেই পারবো, যাতে তোমরা আগুন পোহাতে পারবে। ৩০. যখন সে আগুনের কাছে পৌঁছালো, তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্বিত একটি গাছ থেকে (গায়বী) আওয়ায এলো, হে মুসা, আমিই আল্লাহ- সৃষ্টিকুলের একমাত্র মালিক, ৩১. (তাকে আরো বলা হলো,) তুমি তোমার হাতের লাঠিটি যমীনে নিক্ষেপ করো; যখন সে তাকে দেখলো, তা (জীবন্ত) সাপের মতোই ছুটাছুটি করছে, তখন সে উল্টো দিকে ছুটতে লাগলো, পেছনের দিকে তাকিয়েও দেখলো না; (তার প্রতি তখন আদেশ করা হলো,) হে মুসা, তুমি এগিয়ে এসো, ভয় পেয়ো না| তুমি হচ্ছো নিরাপদ মানুষদেরই একজন | ৩২. তুমি তোমার হাত তোমার (বুক) পকেটের ভেতরে রাখো (দেখবে), কোনো রকম অসুস্থতা ছাড়াই তা উজ্বল হয়ে বেরিয়ে আসছে, (মন থেকে) ভয় (দুরীভূত) করার জন্যে তোমার হাতের বাজু তোমার (বুকের) সাথে মিলিয়ে রাখো, এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে (নবুওতের) দুটো প্রমাণ; সত্যিই তারা এক গুনাহগার জাতি | ৩৩. সে বললো, হে আমার মালিক, আমি (নিতান্ত ভুলবশত) তাদের একজন মানুষকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে তারা (সে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে) আমাকে মেরে ফেলবে।! ৩৪. আমার ভাই হারন, সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে, আমার ভয় হচ্ছে, (আমি একা গেলে) তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। ৩৫. আল্লাহ তায়ালা বললেন (তুমি চিন্তা করো নী), আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করবো এবং আমার আয়াতসমুহ দিয়ে আমি তোমাদের (এমন) শক্তি যোগাবো যে, অতপর তারা (আর) কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না, (পরিশেষে) তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের ওপর বিজয়ী হবে। ৩৬. অতপর যখন মুসা আমার সুস্পষ্ট আয়াতসমুহ নিয়ে ওদের কাছে হাযির হলো, তখন তারা বললো, এ তো কতিপয় অলীক ইন্দ্ৰজাল ছাড়া আর কিছুই নয়, আমরা আমাদের বাবা-দাদাদের যমানায়ও তো এমন কিছু (ঘটতে) শুনিনি! ৩৭. মুসা বললো, আমার মালিক ভালো করেই জানেন কে তাঁর কাছ থেকে হেদায়াত নিয়ে এসেছে এবং (সেদিনের মতো আজ) কার পরিণাম কি হবে? (তবে একথা ঠিক,) যালেমরা কখনোই সফল হয় না| ৩৮. ফেরাউন বললো, হে আমার পারিষদরা, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের আরও কোনো মাবুদ আছে (অতপর সে হামানকে বললো), হে হামান (যাও), আমার জন্যে (ইট তৈরীর জন্যে) মাটি আগুনে পোড়াও, অতপর (তা দিয়ে) আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি (তাতে ওঠে) মুসার মাবুদকে দেখে নিতে পারি, আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি! QuranerAlo.com পৃষ্ঠাঃ 4
— পৃষ্ঠা ৩৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।