আল কোরআন — কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ
/ ৬৫৬
📝 লেখা 📖 পিডিএফ

কুর'আনের সহজ সরল বাংলা অনুবাদ অনুবাদ : হাফেজ মুনির উদ্দীন আহমদ ৫১. আমি আগে ইবরাহীমকে ভালোমন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম, ৫২. যখন সে তার পিতা ও তার জাতির (লোকদের) বললো, এ (নিষ্প্রাণ) মূর্তিগুলো আসলে কি- যার (এবাদাতের) জন্যে তোমরা শক্ত হয়ে বসে আছো। ৫৩. তারা বললো, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর এবাদাত করতে দেখেছি (এর চাইতে বেশী কিছু আমরা জানি না)। ৫৪. সে বললো, (এগুলোর পূজা করে) তোমরা নিজেরা (যেমন আজ) সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হচ্ছো, (তেমনি) তোমাদের পূর্বপুরুষরাও (গোমরাহীতে নিমজ্জিত ছিলে)। ৫৫. তারা বললো, তুমি কি আসলেই আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো, না অযথাই (আমাদের সাথে) তামাশা করছো। ৫৬. সে বললো (না, এটা কোনো তামাশার বিষয় নয়), বরং তোমাদের মালিক যিনি, তিনিই আসমানসমূহ ও যমীনের মালিক, তিনিই এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এ ব্যাপারে সাক্ষীদের একজন। ৫৭. আল্লাহ্‌ তায়ালার শপথ, তোমরা এখান থেকে সরে গেলে আমি তোমাদের মুর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করবো। ৫৮. অতপর (তারা চলে গেলে) ওদের বড়োটি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিলো, যাতে করে তারা তার (ঘটনা জানার জন্যে এ বড়োটার) দিকেই ধাবিত হতে পারে। ৫৯. (যখন তারা ফিরে এসে মূর্তিদের এ দুরবস্থা দেখলো,) তখন তারা বললো, আমাদের দেবতাদের সাথে এ আচরণ করলো কে? যে-ই করেছে নিসন্দেহে সে যালেমদেরই একজন। ৬০. লোকেরা বললো, আমরা শুনেছি এক যুবক ওদের সমালোচনা করছিলো, (হ্যাঁ) সে যুবককে বলা হয় ইবরাহীম; ৬১. তারা বললো, (যাও) তাকে সব মানুষের চোখের সামনে এনে হাযির করো, যাতে করে তারা (তার বিরুদ্ধে) সায দিতে পারে। ৬২. (ইবরাহীমকে আনার পর) তারা (তাকে) জিজ্ঞেস করলো, হে ইবরাহীম, তুমিই কি আমাদের মাবুদগুলোর সাথে এ আচরণ করেছো; ৬৩. (সে বললো;,) বরং ওদের বড়োটিই সম্ভবত (এসব কিছু) ঘটিয়েছে, তোমরা তাদেরকেই জিজ্ঞেস করো না, তারা যদি কথা বলতে পারে (তাহলে তারাই বলবে কে তাদের সাথে এ আচরণ করেছে)! QuranerAlo.com পৃষ্ঠাঃ 5

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।