যিলালিল কুরআন — যিলালিল কুরআন 22
/ ৩৬১
📝 লেখা 📖 পিডিএফ

এখান থেকেই আমরা কিছুটা বুঝতে পারি কি কি কারণে কোরায়শ নেতারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এত মারমুখো হয়ে এমন প্রচন্ড বিদ্বেষ সহকারে রুখে দাড়িয়েছিলো । তারা নিসন্দেহে বুঝতে পেরেছিলো যে, মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনীত এই নতুন বিধান শুধু মনমগজে লুকিয়ে থাকা কোনো আকীদা বিশ্বাস নয়, তাদের কাছ থেকে শুধু এই মর্মে মৌখিক উচ্চারিত একটা সাক্ষ্য নিয়েও তা সন্তুষ্ট থাকবে না যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং মোহাম্মদ (স.) আল্লাহর রসূল । এ নতুন আদর্শ শুধু মূর্তিপূজা মুক্ত নামায পেয়েও সন্তুষ্ট থাকবে না । বরঞ্চ এ এমন একটা জীবন বিধান, যা তাদের যাবতীয় রীতিনীতি, স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠানের সকল জাহেলী ভিত্তি ভেংগে গুঁড়িয়ে দেবে। তারা এও অনুধাবন করেছিলো যে, ইসলাম কখনো কোনো বিকল্প বা কোনো আপোস ফর্মুলা গ্রহণ করবে না এবং এমন কোনো পার্থিব জিনিসের সাথে তার সমন্বয় ঘটাবে না, যা ইসলামের সমধর্মী নয়। যে সমস্ত পার্থিব ধ্যান-ধারণা ও কর্মকান্ডের ওপর জাহেলিয়াতের ভিত্তি স্থাপিত, ইসলাম তার সবগুলোর অস্তিত্ব হুমকির সম্মুখীন করে। এ কারণেই কোরায়শ নেতারা ইসলামের সাথে এমন এক যুদ্ধে লিপ্ত হয়, যার অবসান হিজরতের আগেও ঘটেনি, পরেও ঘটেনি । এ যুদ্ধ ছিলো ইসলামের সকল রীতিনীতি ও কর্মকান্ডের বিরুদ্ধে তাদের যাবতীয় রীতিনীতি ও কর্মকান্ড রক্ষা করার যুদ্ধ । এটা নিছক আকীদা ও বিশ্বাস রক্ষার যুদ্ধ ছিলো না। মানব জীবনের ওপর ইসলামী আদর্শের নিয়ন্ত্রণ ও আধিপত্যকে প্রতিরোধ করতে যারা যুগে যুগে ও দেশে দেশে তৎপর, তারা এ সত্যটাকে খুব ভালো করেই উপলব্ধি করে থাকে । তারা খুব ভালো করেই জানে যে, তাদের কৃত্রিম জীবন-রীতি, গায়ের জোরে ছিনতাই করা সুযোগ সুবিধা, ঘুণে খাওয়া সমাজ ও রাষ্ট্র এবং বিকৃত চরিত্র ও চালচলন, এর কোনোটাই ইসলামের চির অটুট ও সুমহান আদর্শের সামনে টিকে থাকতে সক্ষম নয়। যুলুমবায, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী ও ধোকাবায লোকেরা তাই তাদের ধোকাবাযী ও শোষণ যে পর্যায়েই হোক না কেন, শুধু আর্থিক শোষণে সীমাবদ্ধ থাকুক অথবা সকল অধিকার ও কর্তব্যের ক্ষেত্রে বিস্তৃত হোক ইসলামের শাশ্বত ও পরিচ্ছন্ন নীতির আধিপত্য ও কর্তৃত্ব মানব জীবনের সর্বক্ষেত্রে বিস্তার করাকে তারাই সবচেয়ে বেশী ভয় পায়। কারণ এ আদর্শ মোটেই আপোস, দর কষাকমি অথবা স্বার্থের ভাগাভাগিকে প্রশ্রয় দেয় না। আওস ও খাযরাজের যে সব প্রতিনিধি হিজরতের পূর্বে দ্বিতীয় আকাবার বাইয়াতে অংশ গ্রহণ করেছিলেন, তারাও ইসলামের এই আপোসহীন চরিত্রকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। আসেম ইবনে ওমার ইবনে কাতাদাহর বরাত দিয়ে ইবনে ইসহাক বর্ণনা করেন যে, মদীনা থেকে আগত দলটি যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাইয়াতের জন্যে সমবেত হলো, তখন আব্বাস ইবনে ওবাদাহ ইবনে নায্‌লা আনসারী যিনি বনু সালেম বিন আওফের লোক ছিলেন। বললেন, ‘ওহে খাযরাজীরা! তোমরা কি জানো, এই ব্যক্তির (মোহাম্মদ স.) সাথে কি ব্যাপারে বাইয়াত করছো? তারা বললো হা, জানি। তিনি বললেন, তোমরা তার সাথে এই মর্মে বাইয়াত করছো যে, (প্রয়োজনে) সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি তোমরা মনে করো যে, কোনো বিপদে পড়ে তোমাদের ধনসম্পদ ধ্বংস হয়ে গেলে এবং তোমাদের নেতারা নিহত হলে তোমরা তাকে (মোহাম্মদকে) শত্রুর হাতে ফিরিয়ে দেবে, তাহলে এখনই সেটা করো। কেননা অমন কাজ যদি তোমরা করো, তবে খোদার কসম, তা হবে দুনিয়া ও আখেরাত উভয় www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।